খেলার খবর

রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপেও খেলবেন : রবার্তো মার্টিনেজ

ক্রিস্টিয়ানো রোনাল্ডো

পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ৪৫ বছর বয়সেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০৩০ সালের বিশ্বকাপে খেলতে পারেন। এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়।

রোনাল্ডো এবারের উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ^ আসরে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

রোনাল্ডো এখনেও অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। ২০৩০ বিশ্বকাপে খেলতে পারবেন কি না- এমন প্রশ্নে স্প্যানিশ রেডিও কাডেনা এসইআর’কে মার্র্টিনেজ বলেন, “এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়। তিনি সেটা অর্জন করেছেন।”

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রোনাল্ডোর। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তিনি সর্বাধিক ম্যাচ (২২৬) ও সর্বাধিক গোলের (১৪৩) রেকর্ডধারী। এছাড়া ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনি পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করেছেন।

মার্টিনেজ বলেন, “আমরা চাই পর্তুগালের সব তরুণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মডেল অনুসরণ করুক, কারণ তিনি একজন আদর্শ।”

৪১ বছর বয়সী রোনাল্ডো এবারের বিশ্বকাপে যাচ্ছেন দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তার ২৮ গোলের অবদানে আল নাসর জিতেছে সৌদি পেশাদার লিগের শিরোপা।

২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম লিগ শিরোপা। তবে মার্টিনেজের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রোনাল্ডোর মানসিকতা।

তিনি বলেন, “আমরা, জাতীয় দলের কোচিং স্টাফ, একটি সিদ্ধান্তে পৌঁছেছি- ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোনো নির্দিষ্ট দলীয় বা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলেন না। ক্রিস্টিয়ানোকে তার খাদ্যাভ্যাস দিয়ে সংজ্ঞায়িত করা যায় না, বরং তার ভেতরের ক্ষুধা দিয়েই তাকে বোঝা যায়। তিনি যা-ই জিতুন না কেন, পরদিনও নিজেকে উন্নত করার একই ক্ষুধা নিয়ে জেগে ওঠেন। আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর পরদিনই সেই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনাল্ডোর মধ্যে আমরা ভিন্ন ধরনের মানসিকতার উদাহরণ দেখি।

আমার বিশ্বাস, এই লক্ষ্যই তাকে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে টিকে থাকতে সাহায্য করেছে। অবশ্যই এখানে জিনগত বিষয়ও আছে, তার কঠোর পরিশ্রম আছে- নিজের শরীরকে সাহায্য করতে পারে এমন সবকিছুই সে ব্যবহার কওে, আর আছে তার মানসিকতা।”

পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন তারা খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ ‘কে’-তে তাদের শেষ ম্যাচ ২৭ জুন কলম্বিয়ার বিপক্ষে।

Related posts

হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত

gnabi

চমক দেখাতে চায় উরুগুয়ে ও সৌদি আরব

gnabi

ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

gnabi