চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় মামলা হলেও সোমবার (১২ অক্টোবর) বিষয়টি প্রকাশ হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযান চালিয়ে রবিবার (১১ অক্টোবর) ভোরে লোকমানকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে সাংবাদিকদের বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হয়েছে।




